ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
দলিল দেখাতে ব্যর্থ স্বৈরাচারী আ’লীগ নেতা শহীদুল্লাহ মেম্বার: মৃত ব্যক্তিদের জমি দখলের গুরুতর অভিযোগ
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ অপরাহ্ন
দলিল দেখাতে ব্যর্থ স্বৈরাচারী আ’লীগ নেতা শহীদুল্লাহ মেম্বার: মৃত ব্যক্তিদের জমি দখলের গুরুতর অভিযোগ
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুরের মেলান্দহ উপজেলার ৮ নং ফুলকোচা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার মোঃ শহীদুল্লাহ এবং তার ভাই মোঃ ফরিদ গংদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। মৃত নাছর উদ্দিন ও মৃত শরাফাত আলীর ওয়ারিশদের পৈত্রিক জমি জাল দলিলের মাধ্যমে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শহীদুল্লাহ মেম্বার ও তার সহযোগীরা মৃত নাছর উদ্দিন এবং মৃত শরাফাত আলীর জমি দখল করে নেন। সেখানে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বড় বিল্ডিং ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন।
জমির প্রকৃত মালিকরা তাদের অধিকারের কথা বলতে গেলে শহীদুল্লাহ মেম্বার ও তার লোকজন ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।জমির মালিকের ওয়ারিশরা স্থানীয় গ্রামবাসীর দারস্থ হলে গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গত ১০ জানুয়ারি এ বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে শহীদুল্লাহ মেম্বার তার মালিকানার সপক্ষে কোনো বৈধ দলিল প্রদর্শন করতে পারেননি। তখন তিনি দলিলের ‘কাগজ শর্ট আছে’ বলে অজুহাত দিয়ে ২০ দিনের সময় চেয়ে নেন।আজ ৩১ জানুয়ারি পুনরায় দলিল দেখানোর চূড়ান্ত তারিখ ধার্য ছিল। কিন্তু আজ আবারও কোনো প্রমাণ বা বৈধ দলিল দেখাতে ব্যর্থ হন শহীদুল্লাহ মেম্বার ও তার গংরা। অভিযোগ উঠেছে, তিনি গ্রাম্য সালিশি ব্যবস্থার তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করে রেখেছেন।মৃত নাছর উদ্দিন ও মৃত শরাফাতের ওয়ারিশরা জানান, তারা দীর্ঘদিন ধরে নিজ ভূমি ফিরে পাওয়ার চেষ্টা করেও শহীদুল্লাহ মেম্বারের রাজনৈতিক প্রভাবে সফল হতে পারছেন না। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, "আমরা শুধু আমাদের পৈত্রিক আবাদি সম্পত্তি ভিটাটুকু ফেরত চাই। ক্ষমতার দাপটে আর কতকাল আমাদের ওপর জুলুম চলবে?"এ বিষয়ে অভিযুক্ত শহীদুল্লাহ মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ভূমি দখলের বিরুদ্ধে সুষ্ঠু বিচার এবং আইনের সহযোগিতা দাবি করেছেন
জেলার খবর