ঢাকা, রবিবার, ২৪ মাঘ, ১৪৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস
ছাতক প্রতিনিধি |
ছাতকে জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও গণভোটে হ্যাঁ এর পক্ষে মাল্টিমিডিয়া প্রচার বাস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ছাতক পৌর শহর এবং দুপুর ১টায় গোবিন্দগঞ্জ পয়েন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ঐতিহাসিক নির্বাচনকে সামনে রেখে আমরা পূর্ণ আশাবাদী। ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে। দাঁড়িপাল্লা কেবল জামায়াতে ইসলামীর প্রতীক নয় এটি ইসলামী ও সমমনা ১১ দলীয় জোটের সমর্থিত প্রতীক।
তিনি আরও বলেন, সারা দেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ছাতক-দোয়ারাবাজারেও তার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের মা-বোনদের সঙ্গে নিয়ে ভোট দিয়ে বিজয়ের মালা পরিধান করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে স্বৈরশাসনের পুনরাবৃত্তি হবে না, থাকবে না চাঁদাবাজি ও দুর্নীতি। সে জন্যই হ্যাঁ ভোট দিতে হবে। না ভোট জনগণ প্রত্যাখ্যান করবে ও বয়কট করবে।তিনি জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর যেসব আসনে প্রার্থী রয়েছে, সেখানে জনগণকে সচেতন করতে এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গড়ে তুলতেই এই মাল্টিমিডিয়া প্রচার বাস দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম, এডভোকেট আবুল হোসেন, আলম উদ্দিন, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সদস্য হোসাইন আহমদ লনী, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।মাল্টিমিডিয়া প্রচার বাসে এলইডি স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে দলীয় বার্তা ও গণভোট সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেককে প্রচার বাসের পাশে দাঁড়িয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় পৌঁছে নির্বাচনী বার্তা ও গণভোটের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের আধুনিক প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলার খবর