ঢাকা, সোমবার, ২৫ মাঘ, ১৪৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে আমেরিকার নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না-রুহিন হোসেন প্রিন্স
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশে আমেরিকার নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না-রুহিন হোসেন প্রিন্স
নেত্রকোনা প্রতিনিধি |
বাংলাদেশে আমেরিকার কোনো ‘নীল নকশা’ বাস্তবায়নের চেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালে কৃষক, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা কিংবা কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার পরিবর্তে নিজেদের পছন্দমতো উপদেষ্টা নিয়োগ দিয়ে আত্মস্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল সরকার।তিনি আরও বলেন, দেরিতে হলেও যে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে, তা আমেরিকার নীল নকশায় বানচাল করতে দেওয়া হবে না। পাকিস্তানি রাজাকারদের ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। তাদের সঙ্গে হাত মিলিয়ে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র এ দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ড. ইউনুস যদি এই নীল নকশার সঙ্গে যুক্ত থাকেন, তবে বাংলার মানুষ তাকে ছাড়বে না।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের ঘুণেধরা সমাজব্যবস্থা পরিবর্তন হয়নি। যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। শ্রমজীবী মানুষের মুক্তির কথা কেউ ভাবেনি। শোষণমুক্ত সমাজ গড়তে হলে কাস্তে মার্কায় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।জনসভায় বক্তারা বলেন, কাস্তে মার্কার প্রার্থীরা নির্বাচিত হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করা হবে। সন্ত্রাসমুক্ত দুর্গাপুর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু আজ উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার কারণে সেই সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুঁজিবাদী শাসন টিকিয়ে রাখতে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে, যার ফলে কৃষি ও শিল্প ধ্বংস হয়ে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়ছে।সভায় আরও বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ, নারী সেলের আহ্বায়ক কমরেড তাসলিমা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এবং উপজেলা কমিটির সভাপতি ও কাস্তে মার্কার প্রার্থী আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত শত শত সাধারণ ভোটার অংশ নেন। তারা এলাকার উন্নয়ন,সম্পদের সুষম বণ্টন ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাস্তে মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।বক্তব্য শেষে নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল লাল পতাকার মিছিল বের করেন।
জেলার খবর