ঢাকা, মঙ্গলবার, ৩ ফাল্গুন, ১৪৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বিশেষ প্রতিবেদন || Special Report
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ঝিনাইদহে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নাজমুস সাকিব | ঝিনাইদহ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২১ প্রার্থীর মধ্যে ১২ জনই জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় জেলার বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের একাধিকজন জামানত হারান।ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। প্রদত্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২১২ (৭২.৯৩ শতাংশ)। এই আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. আসাদুজ্জামান (ধানের শীষ) ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হন।
এ আসনে জামানত হারান জাতীয় পার্টির মনিকা আলম (৯৬৯ ভোট), আমার বাংলাদেশ পার্টির মতিয়ার রহমান (৬১০ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত সহিদুল এনাম পল্লব মিয়া (৩০৯ ভোট)।ঝিনাইদহ-২ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৬৩৮ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ৮৪ হাজার ৬৬৫ (৭৫.৯৩ শতাংশ)। মোট ৬ প্রার্থীর লড়াইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলী আজম মো. আবু বকর (দাঁড়িপাল্লা) ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হন।এ আসনে জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম (৯৯৪ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশর এইচএম মমতাজুর রহমান (৪,৫৭১ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আবু তোয়াব (৫৫৭ ভোট) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. আসসাদুল ইসলাম (৩৪০ ভোট) জামানত হারান।ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। প্রদত্ত ভোট ৩ লাখ ৩৫ হাজার ৫০০ (৭৭.৮৪ শতাংশ)। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরোয়ার হোসেন (৩,৮২০ ভোট) এবং গণঅধিকার প্রার্থী সুমন কবির (৩৮৮ ভোট) জামানত হারান।ঝিনাইদহ-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪৬২ জন। প্রদত্ত ভোট ২ লাখ ৪৭ হাজার ৯৩২ (৭৪.৩৫ শতাংশ)। মোট ৬ প্রার্থীর লড়াইয়ে জামায়াতে ইসলামী মনোনীত আবু তালিব (দাঁড়িপাল্লা) ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।এ আসনে জামানত হারান ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল (৩,৯০৭ ভোট), জাতীয় পার্টির এমদাদুল ইসলাম (৬১৩ ভোট) এবং গণফোরামর খনিয়া খানম (২৬৭ ভোট)। জেলার মধ্যে সর্বনিম্ন ভোটও পেয়েছেন তিনি।ঝিনাইদহে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভোটারদের ব্যাপক সম্পৃক্ততা দেখা যায়নি। ফলে অধিকাংশ ভোট বড় দলগুলোর প্রার্থীদের ঝুলিতে যাওয়ায় ১২ প্রার্থী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
জেলার খবর