ঢাকা, বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানকে সামনে রেখে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
রমজানকে সামনে রেখে নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা
নেত্রকোনা প্রতিনিধি |
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে নেত্রকোনা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে সবাইকে সংযমের পরিচয় দিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করতেন—এই দৃষ্টান্ত অনুসরণ করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে হবে।তিনি আরও বলেন, সবার সহযোগিতায় ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ নীতি বাস্তবায়ন করা হবে এবং রমজানে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোনা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদার এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।বক্তারা রমজান মাসে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ভেজাল রোধ এবং নিয়মিত বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলার খবর