ঢাকা, শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৬
মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৫ ব্যবসায়ীকে জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৫ ব্যবসায়ীকে জরিমানা
ম.ম.রবি ডাকুয়া | বাগেরহাট |
বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনা ও তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।বেলা সাড়ে ১২টার দিকে মোংলা কাঁচাবাজার, কলাবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মোংলা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলার খবর