ঢাকা, রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
রফিকুল ইসলাম রফিক | কুড়িগ্রাম প্রতিনিধি |
কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে বেকারত্বজনিত হতাশায় আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আবু কালাম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে গেলে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক। আত্মহত্যার আগে পরিবারের উদ্দেশে লেখা একটি চিরকুটে তিনি নিজের অক্ষমতা ও হতাশার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।এ বিষয়ে উলিপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, বেকারত্বজনিত হতাশা তরুণ সমাজের জন্য ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলার খবর