ঢাকা, মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সাভারে পোশাক কারখানায় উত্তেজনা,ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সাভারে পোশাক কারখানায় উত্তেজনা,ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা
সাভার প্রতিনিধি |
সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উত্তেজনার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৮–১০টি মোটরসাইকেলে করে ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কারখানার সামনে আসেন।
পরে সাব্বির, শাওন, তুহিনসহ আরও ১০–১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় কারখানার ঝুট ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন কারখানায় গিয়ে তাঁদের ধাওয়া দেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন। তিনি বলেন, ঝুট ব্যবসা দখলের জন্য তাঁরা কারখানায় যাননি। মূলত অ্যাকসেসরিজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষকে কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবি করা হয়নি। বরং হঠাৎ করেই তাঁদের ওপর হামলা চালানো হয়।এ বিষয়ে তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেলার খবর