ঢাকা, মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত ১৫
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত ১৫
গোপালগঞ্জ প্রতিনিধি | শামীম হাসান রিংকু |
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কমলাপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নিলু মুন্সী ওই গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত নিলু মুন্সী, তার স্ত্রী রুপা বেগম (৪০), ভাই মিলন মুন্সী (৫২) ও দুলাল মুন্সীকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলু মুন্সীকে মৃত ঘোষণা করেন।অপর পক্ষের নূর ইসলামকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার খবর