ঢাকা, শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গঙ্গাচড়ার আলোচিত হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার, হত্যার দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
গঙ্গাচড়ার আলোচিত হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার, হত্যার দায় স্বীকার
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বহুল আলোচিত আখেরুল ইসলাম ওরফে আখের হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। যৌথ অভিযানে মামলার মূল অভিযুক্ত আব্দুল বাতেন (৪০)কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।আব্দুল বাতেন গঙ্গাচড়া সদরের ভুটকা গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানায় দায়েরকৃত মামলা নং-০৭/৩৯৮ (তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫), দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারার মামলার তদন্তে আব্দুল বাতেনকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে রংপুর জেলা পুলিশর গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ২৫ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৩২ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে ৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম মালিপের বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে আব্দুল বাতেন তার পিছু নেয়। একপর্যায়ে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে বের হয়ে লোহার হাতুড়ি দিয়ে আখেরুলের মাথায় আঘাত করে। আখেরুল মাটিতে পড়ে গেলে তাকে একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারের পর আব্দুল বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, রংপুর জেলা পুলিশ ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে দ্রুততম সময়ে মামলার মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর