ঢাকা, শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
টেন্ডার দাখিল করায় পাবনার চাটামোহরে জামায়াতের নেতাদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
টেন্ডার দাখিল করায় পাবনার চাটামোহরে জামায়াতের নেতাদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা
পাবনা প্রতিনিধি |
হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের নেতার উপর হামলা চালিয়ে বেধড়ক পিটের অভিযোগ উঠেছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ছিল উপজেলা পরিষদের ডাকা হাট বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন। একইসাথে বিকেলে দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল, সেক্রেটারী আওরঙ্গজেব ছাইকোলা ইউনিয়নের একটি হাটের টেন্ডার শিডিউল দাখিল করেন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তাদের উপর হামলা করে।
সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ তাদের নিবৃত করে নিচে নামিয়ে দেন। এর কিছু সময় পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ব্যক্তিগত কাজ শেষে বের হন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান। তখন 'জামায়াতের সেক্রেটারী এখানে কেন' বলেই তার উপর হামলা করে বেধড়ক মারপিট শুরু করে বিএনপি নেতাকর্মীরা। হামলাকারীদের মারধরে তাড়া খেয়ে উপজেলা পরিষদ থেকে দৌঁড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিব।ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, তিনি উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে তার এলাকার একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে গিয়েছিলেন। ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারী যে টেন্ডার দাখিল করেছেন সেটি তিনি জানতেন না। ইউএনও অফিসের কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তিনি আরো বলেন, 'সংগঠনের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ঘটনা একটা ঘটেছে। ফৌজদারী অপরাধ হয়েছে। আজকে টেন্ডার দাখিল ও খোলা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল। তারপরও কিভাবে ঘটনা ঘটলো সেটি আমি বলতে পারছি না। থানার ওসি ভালো বলতে পারবেন।
জেলার খবর