ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,ব্যবসায়ীকে কারাদণ্ড
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,ব্যবসায়ীকে কারাদণ্ড
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরে ভেজালবিরোধী অভিযানে অবৈধ মশলার কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন–এর যৌথ অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মশলা উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মো. লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদফতর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ভেজাল মশলা তৈরি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ ভেজাল মশলা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।এ ঘটনায় শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, “গোল মরিচে ওজন বৃদ্ধি ও রং আকর্ষণীয় করার জন্য ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।তিনি আরও বলেন, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলার খবর