ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মো. আরফান আলী |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব কাজ করা হবে।শুক্রবার ২৭ ফেব্রুয়ারী জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকূরগাঁও পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,ঠাকূরগাঁওয়ের জনগণের কাছে আমি সবসময় ঋণী। তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে এসেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনের কারণেই আজ আমি জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,মাত্র কয়েকদিন হয়েছে,গত ১৭ তারিখে আমরা ক্ষমতা গ্রহণ করেছি।এখন দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে।”রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সেগুলোকে সচল করার জন্য কাজ করছি। গণতন্ত্রকে শক্তিশালী করতে এসব প্রতিষ্ঠানকে কার্যকর করা অত্যন্ত জরুরি।পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই অনুসরণ করা হবে। প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হতে পারে। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।এনসিপি নেতাদের পক্ষ থেকে বিষয়টি মীমাংসিত বলে দেওয়া মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। এ প্রশ্ন তাদেরকেই করা উচিত।এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার খবর