ঢাকা, রবিবার, ১৪ চৈত্র, ১৪৩২, ১ মার্চ ২০২৬
রংপুরে টিসিবির পণ্য গোপনে মজুদ:-ডিবির অভিযানে বিপুল পণ্য উদ্ধার,ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন || Special Report
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
রংপুরে টিসিবির পণ্য গোপনে মজুদ:-ডিবির অভিযানে বিপুল পণ্য উদ্ধার,ব্যবসায়ী আটক
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুর নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ন্যায্যমূল্যের পণ্য গোপনে মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খেলবাড়ী এলাকায় এলএসডি গুদামের সামনে পরিত্যক্ত একটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে মজুদ থাকা টিসিবির বিভিন্ন পণ্য জব্দ করা হয়।ডিবি সূত্র জানায়,আটক ব্যবসায়ীর নাম রুবেল হোসেন।
তিনি পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে টিসিবির বৈধ ডিলার দাবি করলেও তদন্তে দেখা যায়, পণ্য উত্তোলনের পর নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে তা অবৈধভাবে মজুদ করা হচ্ছিল।উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৭০ কেজি খেজুর, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি বুট, ৬১৩ কেজি মসুর ডাল এবং ১৬২ লিটার ভোজ্যতেল।ডিবি কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র আসন্ন রমজান মাসকে সামনে রেখে টিসিবির পণ্য গোপনে মজুদ করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। সাধারণ ভোক্তাদের কাছে সরবরাহ না করে কৌশলে এসব পণ্য কালোবাজারে ছাড়ার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ–এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, “টিসিবির পণ্য সাধারণ মানুষের জন্য বরাদ্দ। কেউ যদি তা গোপনে মজুদ করে অবৈধভাবে বিক্রির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের উৎস, কতদিন ধরে সেগুলো মজুদ ছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযানের পরিধি আরও বাড়ানো হবে।রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনস্বার্থে সরকারের ন্যায্যমূল্যের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর