ঢাকা, সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব ভস্মীভূত,নিঃস্ব পরিবার
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব ভস্মীভূত,নিঃস্ব পরিবার
রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু-ছাগল, নগদ টাকা ও খাদ্যশস্যসহ পরিবারের প্রায় সব সম্বল আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক মুকুল চন্দ্র রায় (৩৫) জানান, ঘটনার সময় তিনি চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন।
তার স্ত্রী অঞ্জনা রানী বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের পাড়ার একটি মন্দিরে যান। এ সময় বাড়িতে ছিলেন মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী।সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে তারা দেখতে পান, তালাবদ্ধ ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে ব্যবহৃত কয়েলের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন কৃষক মুকুল চন্দ্র রায়। তিনি বলেন,আমার সব শেষ হয়ে গেছে। ঘর নেই, গরু নেই—সম্বল বলতে আর কিছুই রইল না। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।স্থানীয়রা জানান,দরিদ্র এই কৃষক পরিবারের প্রধান উপার্জনের মাধ্যম ছিল গবাদিপশু ও কৃষিকাজ। অগ্নিকাণ্ডে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও হারিয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।
জেলার খবর