ঢাকা, সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরে সাংবাদিকদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরে সাংবাদিকদের মানববন্ধন
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক মানবকণ্ঠ–এর রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয় এবং সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।মানববন্ধনের শুরুতেই হামলার ঘটনার বিবরণ তুলে ধরেন দৈনিক মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী। তিনি বলেন, পুলিশের তৎপরতার কারণে আসামিরা দ্রুত আদালতে হাজির হতে বাধ্য হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য তিনি রংপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ও কোতয়ালি থানার ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজন আসামি জামিন পেলেও প্রধান আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
জেলার খবর