ঢাকা, মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ৩ মার্চ ২০২৬
পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন || Special Report
০২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
পেকুয়ায় ইয়াবা সহ ৩ নারী মাদক ব্যবসায়ী আটক
মোঃ দিদারুল ইসলাম |
কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও তার ছেলে আব্দুর রহিম (২৮)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্রের অবস্থান নিশ্চিত হয়।রোববার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্পের (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহ তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত ছিল। মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর