ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২, ৫ মার্চ ২০২৬
মৌলভীবাজারে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহার ৩ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
মৌলভীবাজারে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহার ৩ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মধ্য রবিরবাজারে অভিযান চালিয়ে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেলে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার ৪ মার্চ বিকেলে অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে র্যাব-৯ ফোর্সের একটি দল।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ, আল মদিনা মিষ্টি ঘর ৫০,০০০ টাকা,মেসার্স সুজন মিষ্টিঘর ২০,০০০ টাকা,ধানসিড়ি রেস্টুরেন্ট এন্ড হোটেল ৩০,০০০ টাকা। ধানসিড়ি রেস্টুরেন্ট এন্ড হোটেলকে সিলগালা করা হয়েছে।অভিযান সূত্রে জানা যায়, জিলাপি তৈরিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহার এবং খাদ্যে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া পোড়া তেল পুনরায় ব্যবহার করে খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিষয়টিও নিশ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। যারা খাদ্যে ভেজাল বা নিষিদ্ধ উপাদান ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।র্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ভোক্তাদের সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
জেলার খবর