ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২, ৫ মার্চ ২০২৬
বেরোবিতে বিএনকিউএফ বিষয়ক কর্মশালা: উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের প্রত্যয়
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বেরোবিতে বিএনকিউএফ বিষয়ক কর্মশালা: উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের প্রত্যয়
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৪ মার্চ, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা সময়ের দাবি। বিএনকিউএফ এমন একটি কাঠামো, যা শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই ফ্রেমওয়ার্ক যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম।তিনি একই সঙ্গে কী-নোট স্পিকার হিসেবে বিএনকিউএফ-এর কারিগরি দিকসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং শিক্ষাক্রম আধুনিকায়ন, আউটকাম-বেজড এডুকেশন ও মাননিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া।কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা ও অঙ্গীকার আরও জোরদার হয়েছে বলে আয়োজকরা জানান।
জেলার খবর