ঢাকা, শুক্রবার, ২০ ফাল্গুন, ১৪৩২, ৬ মার্চ ২০২৬
ঈদের ছুটির আগেই রমেকে ৫০০ শিক্ষার্থীর অনুপস্থিতি, কড়াকড়ি প্রশাসন প্রতিদিন ৫০০ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ঈদের ছুটির আগেই রমেকে ৫০০ শিক্ষার্থীর অনুপস্থিতি, কড়াকড়ি প্রশাসন প্রতিদিন ৫০০ টাকা জরিমানা
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ছুটি শুরু হতে এখনো সময় বাকি থাকলেও তার আগেই অনুমতি ছাড়াই বাড়ি চলে গেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক)–এর দুই ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই গণ-অনুপস্থিতির ঘটনায় কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে কলেজ প্রশাসন। অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানার ঘোষণা দিয়ে জরুরি নোটিশ জারি করা হয়েছে।বুধবার (৫ মার্চ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
কলেজ সূত্রে জানা গেছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ও ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা কোনো পূর্বানুমতি ছাড়াই ২ মার্চ থেকে ক্যাম্পাস ত্যাগ করেন। মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে ‘অটো ভ্যাকেশন’ নামে পরিচিত—নির্ধারিত ছুটির আগেই দলবেঁধে বাড়ি যাওয়ার একটি অলিখিত প্রবণতা রয়েছে। তবে এবার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন।নোটিশে যা বলা হয়েছে,অভিভাবকদের উদ্দেশ্যে জারি করা নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের অননুমোদিত অনুপস্থিতির কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৪ মার্চ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত ক্লাসে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অনুপস্থিতির প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা গুনতে হবে।জরিমানার অর্থ কলেজের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে বৃত্তিমূলক (Professional Exam) পরীক্ষার ফরম পূরণের সময় বকেয়া টাকা আদায় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা নিয়ম-নীতি না মেনে চলে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক পরিবেশ স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মেডিকেল কলেজগুলোতে ছুটির আগে বা পরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় ছুটি কাটানোর ঘটনা নতুন নয়। তবে রমেক কর্তৃপক্ষের এই ‘জরিমানা মডেল’ শিক্ষার্থীদের নিয়ম মেনে চলতে কতটা কার্যকর ভূমিকা রাখবে, সেটিই এখন দেখার বিষয়।
জেলার খবর