ঢাকা, শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২, ৭ মার্চ ২০২৬
পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ওপর হামলার অভিযোগ,আহত ৪; চলাচলের রাস্তায় বাধা দেওয়ারও অভিযোগ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ওপর হামলার অভিযোগ,আহত ৪; চলাচলের রাস্তায় বাধা দেওয়ারও অভিযোগ
এম এ হোসেন পাটোয়ারী |
রংপুরের পীরগাছা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দুই পা-বিহীন প্রতিবন্ধী শফিকুল ইসলামের ছোট ভাতিজার দুধ খাওয়ার ফিডারে প্রতিবেশী এক শিশু লাথি মেরে ভাঙার চেষ্টা করে।
এ ঘটনায় প্রতিবাদ জানালে প্রতিবেশী আব্দুল খালেক ও তার ছেলে সেনা সদস্য সোহেল মিয়া শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।হামলায় প্রতিবন্ধী শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৭), মা মেনেকা বেগম (৬০), ছোট ভাই এনামুল হক (৩২) ও তার স্ত্রী রানী বেগম (৩০) আহত হন। গুরুতর আহত আঞ্জুয়ারা বেগমকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রতিবন্ধী শফিকুল ইসলাম বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারের ওপর কয়েক দফা হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় আদালতের আশ্রয় নিয়েছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।আহত মেনেকা বেগম অভিযোগ করে বলেন, মারধরের ঘটনার পর অভিযুক্তরা তাদের চলাচলের সরকারি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। লাঠিসোটা নিয়ে রাস্তার পাশে অবস্থান করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য জানা যায়নি।
জেলার খবর