ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
কমলগঞ্জে ভোরে নারী অপহরণের চেষ্টা, চিৎকারে ব্যর্থ অপহরণকারী চক্র
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
কমলগঞ্জে ভোরে নারী অপহরণের চেষ্টা, চিৎকারে ব্যর্থ অপহরণকারী চক্র
মনজু বিজয় চৌধুরী | (মৌলভীবাজার) প্রতিনিধি |
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভোরবেলায় এক কর্মজীবী নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ও ভুক্তভোগীর চিৎকারে অপহরণচেষ্টা ব্যর্থ হয়ে যায় বলে জানা গেছে।রবিবার (৮ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো ওই দিনও ভোরে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বটতলা বাজারে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার কয়েকবার বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠতে প্রস্তাব দেয়। তবে তিনি বিষয়টি সন্দেহজনক মনে করে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে মানুষের উপস্থিতি কমে গেলে তিনি বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য রওনা দেন। ঠিক তখনই ওই প্রাইভেট কারটি আবার তার সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি প্রাণপণ চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত গাড়িতে উঠে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
জেলার খবর