ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন, ১৪৩২, ৯ মার্চ ২০২৬
দুই অভিযানে বিপুল মাদক উদ্ধার,র্যাবের হাতে ধরা ৫ কারবারি
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
দুই অভিযানে বিপুল মাদক উদ্ধার,র্যাবের হাতে ধরা ৫ কারবারি
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের তাজহাট ও মিঠাপুকুরে র্যাব–১৩ এর পৃথক অভিযানে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকার আব্দুল কাদের মণ্ডলের স্ত্রী মোছা. পাপিয়া বেগম (৩২), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকার আকাশের স্ত্রী মোছা. মরিয়ম (৩০), লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯) এবং দইখাওয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।র্যাব সূত্রে জানা যায়, শনিবার রাতে রংপুর জেলার মিঠাপুকুর থানার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বৈরাগী বাজার সংলগ্ন টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।অন্যদিকে নগরীর তাজহাট থানার পার্কের মোড়ে ব্রেক টাইম রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে বাসের যাত্রীবেশে থাকা দুই নারীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করে র্যাব সদস্যরা এবং তাদের গ্রেফতার করা হয়।র্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলার খবর