ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফাল্গুন, ১৪৩২, ১২ মার্চ ২০২৬
জামালপুরে বর্গাচাষীর ধানক্ষেত কেটে সাবাড়: মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে থানায় জিডি
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
জামালপুরে বর্গাচাষীর ধানক্ষেত কেটে সাবাড়: মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে থানায় জিডি
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রায় ৬০ শতাংশ জমির রোপণকৃত ধানক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ ঘটনায় জমির মালিক জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী জমির মালিক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন (৬৫) জানান, শ্রীরামপুর মৌজায় (বি.আর.এস খতিয়ান নং-২১২, দাগ নং-২৬৭) অবস্থিত তার ক্রয়কৃত ৬০ শতাংশ জমি তিনি স্থানীয় হতদরিদ্র কৃষক মোঃ আক্কাস আলীকে বর্গা চাষের জন্য দিয়েছিলেন। গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখেও অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম ও তার ছেলে মোঃ রিহাদ (২০) সহ কয়েকজন জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে। সে সময় ব্যর্থ হয়ে তারা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে চলে যায়। সম্প্রতি সেই হুমকির জের ধরেই রোপণকৃত ধানক্ষেত কেটে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জমির মালিক ও বর্গাচাষী।অভিযুক্ত মোঃ রিহাদ শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, রিহাদ এলাকায় মাদকাসক্ত এবং মাদক কারবারের সাথে জড়িত। তার বেপরোয়া আচরণে এলাকাবাসী তটস্থ থাকে। ঘটনা শুনে ভুক্তভোগী মোফাজ্জল হোসেনের শ্যালক, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান "জমি নিয়ে বিরোধের বিষয়টি এলাকায় আগে থেকেই ছিল। কিন্তু ফলন্ত ধান এভাবে কেটে ফেলা অত্যন্ত অমানবিক। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।বিতর্কিত জমিটির অবস্থান শ্রীরামপুর মৌজায়, যার উত্তরে মজিবর রহমান, দক্ষিণে আতাহার, পূর্বে সিয়াম এবং পশ্চিমে মোস্তাক নামের ব্যক্তিদের জমি রয়েছে।এর আগেও জমি দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন মোফাজ্জল হোসেন। ধানক্ষেত বিনষ্টের পর তিনি পুনরায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্গাচাষী আক্কাস আলী তার কষ্টের ফসল হারিয়ে এখন দিশেহারা।
জেলার খবর