ঢাকা, বুধবার, ২৬ ফাল্গুন, ১৪৩২, ১১ মার্চ ২০২৬
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ
আপন সরদার | টঙ্গীবাড়ী প্রতিনিধি |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ হাসাইল ঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।বুধবার বিকেল ৫ টায় তিনি হাসাইল ঘাট এলাকায় গিয়ে ঘাটের সার্বিক পরিস্থিতি, নৌযান চলাচল, যাত্রী পারাপার ব্যবস্থা ও ঘাটের অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাটে আগত যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও নৌযানের চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, হাসাইল ঘাট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। এছাড়াও কৃষকরা চরাঞ্চল থেকে কৃষি পন্য নিয়ে আসেন। তাই যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং ঘাটের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ঘাটে নৌযান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ঘাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ সহ স্থানীয় জনপ্রতিনিধি, ঘাট ইজারাদার, ব্যবসায়ী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার খবর