ঢাকা, শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২, ১৩ মার্চ ২০২৬
শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বিশেষ প্রতিবেদন || Special Report
১২ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শৈলকুপায় মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
নাজমুস সাকিব | ঝিনাইদহ |
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়া পাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এই কমিটি গঠন নিয়ে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় উত্তেজিত গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনও পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
জেলার খবর