ঢাকা, সোমবার, ১ চৈত্র, ১৪৩২, ১৬ মার্চ ২০২৬
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজানুর রহমান মিজান
বিশেষ প্রতিবেদন || Special Report
১৫ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজানুর রহমান মিজান
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ভিপি মিজানুর রহমান মিজানকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এই নিয়োগে জেলার রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। আজ রবিবার (১৫ মার্চ) এক সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় ভিপি মিজানুর রহমান মিজানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে মৌলভীবাজার জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ভিপি মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তিনি সততা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁর এই নিয়োগ মৌলভীবাজারবাসীর জন্য গর্বের বিষয়।নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলা পরিষদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনমুখী করে তুলবেন বলে আমরা প্রত্যাশা করি। পাশাপাশি জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।এদিকে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ভিপি মিজানুর রহমান মিজান বলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি সকলের সহযোগিতা নিয়ে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য তিনি সকল রাজনৈতিক নেতা-কর্মী ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
জেলার খবর