ঢাকা, মঙ্গলবার, ৯ চৈত্র, ১৪৩২, ২৪ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় পেট্রল-অকটেন সংকট:বন্ধ চার পাম্প,খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ
বিশেষ প্রতিবেদন || Special Report
২৩ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
গঙ্গাচড়ায় পেট্রল-অকটেন সংকট:বন্ধ চার পাম্প,খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় টানা পাঁচ দিন ধরে পেট্রল ও অকটেনের সংকটে চারটি তেলের পাম্প বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পেট্রলচালিত যানবাহনের চালকেরা। ঈদুল ফিতর পার হলেও সংকট না কাটায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে পাম্পে সরবরাহ না থাকলেও বিভিন্ন বাজারে চড়া দামে পেট্রল বিক্রির অভিযোগ উঠেছে।পাম্প মালিকরা জানান, কয়েকদিন পর ডিপো থেকে জ্বালানি সরবরাহ এলেও শুধুমাত্র ডিজেল দেওয়া হয়েছে। পেট্রল ও অকটেন না থাকায় গ্রাহকদের চাপ সামাল দিতে না পেরে পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চারটি পাম্পেই পেট্রল ও অকটেন না থাকায় সামনে দড়ি টেনে বন্ধ করে রাখা হয়েছে। তেল নিতে এসে অনেক চালক খালি হাতে ফিরে যাচ্ছেন।গঙ্গাচড়া বাজারের শিহাব ফিলিং স্টেশনের সামনে কথা হয় নোহলি ইউনিয়নের বাসিন্দা মকবুলের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি এসেছি। পরিবার নিয়ে ঘোরাঘুরির পরিকল্পনা ছিল, কিন্তু কোথাও পেট্রল পাচ্ছি না।লক্ষ্মীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকায় শাহ আলম ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলচালক রহমান বলেন, ‘নতুন মেয়ে জামাইয়ের বাড়ি যাব। তেল নিতে এসে দেখি পাম্প বন্ধ। ঈদের সময় এমন পরিস্থিতি হতাশাজনক।আরেক চালক আব্দুল রহিম বলেন,কয়েকটি পাম্প ঘুরেও তেল পাইনি। বাধ্য হয়ে বাজার থেকে ২৫০ টাকা লিটার দরে কিনেছি। পাম্পে তেল না থাকলে বাজারে আসে কোথা থেকে এটা প্রশ্ন।পাম্প মালিকদের দাবি, ডিপোতে একাধিকবার যোগাযোগ করেও পেট্রল ও অকটেন সরবরাহ পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, পাম্পে পেট্রল-অকটেন সরবরাহ না পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে। খোলাবাজারে অবৈধভাবে জ্বালানি বিক্রির তথ্য পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলার খবর