ঢাকা, বুধবার, ১০ চৈত্র, ১৪৩২, ২৫ মার্চ ২০২৬
পীরগাছায় সেরা শিক্ষক সম্মাননা: মানসম্মত শিক্ষা গঠনে নতুন অঙ্গীকার
বিশেষ প্রতিবেদন || Special Report
২৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
পীরগাছায় সেরা শিক্ষক সম্মাননা: মানসম্মত শিক্ষা গঠনে নতুন অঙ্গীকার
এম এ হোসেন পাটোয়ারী | উপজেলা প্রতিনিধি পীরগাছা, রংপুর |
রংপুরের পীরগাছা উপজেলা-র তাম্বুলপুর ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ের সেরা শিক্ষকদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। সভাপতিত্ব করেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার সেই মান নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা, দায়িত্ববোধ ও সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। সেরা শিক্ষক হিসেবে সম্মাননা পান—তাম্বুলপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ছালমা আখতার, নটাবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিয়ার রহমান, নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, তাম্বুলপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ এমদাদুল হক এবং তাম্বুলপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ করিম সরকার।বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এতে শিক্ষকদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।অনুষ্ঠানের শেষে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং এলাকায় শিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
জেলার খবর