ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬
গ্রিডে ত্রুটি, রংপুরে বিদ্যুৎ বিপর্যয়
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
গ্রিডে ত্রুটি, রংপুরে বিদ্যুৎ বিপর্যয়
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুর গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস-৩ এর কাপলার পয়েন্টে ত্রুটির কারণে গঙ্গাচড়া, কাউনিয়া ও হারাগাছ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (২৭মার্চ) সকাল থেকে বিদ্যুৎ না থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।গঙ্গাচড়া জোনাল অফিস, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, গ্রিডের বাস-৩ কাপলার পয়েন্টে অতিরিক্ত তাপমাত্রা (রেডহট) শনাক্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি মেইন লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে প্রকৌশলীরা পরীক্ষা করে কাপলার অংশে প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেন।বিদ্যুৎ না থাকায় সকাল থেকেই পানির সংকট দেখা দেয়।
মোটর চালানো না যাওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় পানি সংগ্রহে সমস্যায় পড়েছে। গরম আবহাওয়ায় ফ্যান ও শীতলীকরণ ব্যবস্থা বন্ধ থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ বেড়েছে।ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। ছোট দোকান, ফটোস্ট্যাট, মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রনিকস ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোবাইল চার্জ না থাকায় যোগাযোগেও বিঘ্ন ঘটছে।জুম্মার দিনে মসজিদে ওজুর পানির সংকট দেখা দেয়। মুসল্লিদের অনেককে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও চাকরিজীবীদের দৈনন্দিন কাজও ব্যাহত হয়েছে।গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম জানান, সমস্যাটি গ্রিড সংশ্লিষ্ট হওয়ায় মেরামতের সময় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের আওতাধীন সিটি এলাকার বিদ্যুৎও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। জুম্মার নামাজের পর মেরামত কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে।তিনি বলেন, ত্রুটি শনাক্ত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
জেলার খবর