ঢাকা, শনিবার, ১৩ চৈত্র, ১৪৩২, ২৮ মার্চ ২০২৬
অবৈধভাবে তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
অবৈধভাবে তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার | মনজু বিজয় চৌধুরী |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।শুক্রবার ২৭ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ এর একটি বিশেষ টিম।
অভিযানকালে দেখা যায়, সাতগাঁও চৌমুহনী এলাকার মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ট্রেডিং দীর্ঘদিন ধরে অনুমোদনের বাইরে অতিরিক্ত তেল ও গ্যাস মজুদ করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ মজুদ বাজারে অস্থিরতা সৃষ্টি করে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।অভিযান শেষে সর্বশেষ প্রেস ব্রিফিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। তিনি জানান, অবৈধভাবে তেল ও গ্যাস সিলিন্ডার মজুদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
জেলার খবর