ঢাকা, রবিবার, ২২ চৈত্র, ১৪৩২, ৫ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে আইসক্রিম কিনে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নি/হ/ত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ঝিনাইদহে আইসক্রিম কিনে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নি/হ/ত
নাজমুস সাকিব | ঝিনাইদহ |
ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম (৬) আহত হয়েছে। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু আরিফুল ইসলাম ও আহত আবিদুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু আরিফুল ইসলাম মারা গেছেন। আহত শিশুর পা ভেঙে গেছে এবং তার মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলমান।ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় এবং তাদের চাওয়া অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলার খবর