ঢাকা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র, ১৪৩২, ৯ এপ্রিল ২০২৬
তেল মজুত ও সরবরাহে কারসাজি,রংপুরে জরিমানা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
তেল মজুত ও সরবরাহে কারসাজি,রংপুরে জরিমানা
শফিকুজ্জামান সোহেল | রংপুর প্রতিনিধি |
রংপুর নগরীর সেনপাড়া এলাকায় একটি ভোজ্য তেলের গুদামে যৌথ অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত্র ও র্যাব-১৩।বুধবার (৮ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এ সময় র্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে একটি দল অভিযানে সহায়তা করে।অভিযান সূত্রে জানা যায়, নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এস এস ট্রেডার্সের গুদামে দীর্ঘদিন ধরে তেল মজুত ও বাজারজাতকরণে নানা অনিয়মের অভিযোগ ছিল।
এর পরিপ্রেক্ষিতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় গুদামে সংরক্ষিত ভোজ্য তেলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানা, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং বাজারে সরবরাহে অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়।এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।অভিযান শেষে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানসহ বিভিন্ন সময়ে ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে কারসাজি ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
জেলার খবর