জাতীয়
মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন: নতুন দিগন্তে যোগাযোগ ব্যবস্থা
১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এর ফলে এখন থেকে ঢাকা-বেনাপোল ও ঢাকা-খুলনাগামী আন্তঃনগর ট্রেন মুকসুদপুর স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করবে।
দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন,নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই এ গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মুকসুদপুরের মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবো।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। তারা প্রত্যেকে এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। মুকসুদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, প্রচারক ও প্রকাশনা সম্পাদক কাইয়ুম শরীফসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই যাত্রাবিরতি চালু হওয়ায় মুকসুদপুরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে এটি এলাকার সামগ্রিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক গতিশীলতা ত্বরান্বিত করবে। উদ্বোধনের মধ্য দিয়ে মুকসুদপুর রেলস্টেশন এখন নতুন সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে—যা ভবিষ্যতে এই অঞ্চলের উন্নয়নের গতি আরও বেগবান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71