জাতীয়
টেন্ডার ছাড়াই ৬ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
০৬ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।অভিযুক্ত নিরুপমা রাণী উপজেলার ভাংনী মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনো টেন্ডার ছাড়াই বিদ্যালয় প্রাঙ্গণের ১০টি কাঁঠাল গাছ, একটি শিশু গাছ এবং দুটি কড়ই গাছসহ কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। গাছ কাটার সময় এলাকাবাসীকে জানানো হয়েছিল, টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পরে স্থানীয়রা জানতে পারেন, কোনো টেন্ডারই হয়নি।
অভিযোগে আরও বলা হয়, সহকারী শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনের সহযোগিতায় গাছগুলো কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে অনিয়ম এবং এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।অভিযোগকারী ও স্থানীয় বিএনপি নেতা মোসলেম উদ্দিন বলেন, বাউন্ডারির পাশের জমিতে থাকা গাছ কেটে সেটিকে বিদ্যালয়ের সম্পত্তি দাবি করা হয়। পরে মামলা করার ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এছাড়া বাউন্ডারি নির্মাণেও অনিয়ম হয়েছে বলে তিনি অভিযোগ করেন।স্থানীয় এক ভ্যানচালক জানান, স্কুল মাঠের একটি গাছ কাটার জন্য তাকে ৩ হাজার ৫০০ টাকায় ভাড়া করা হয়েছিল এবং কাটা কাঠ নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়।তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নিরুপমা রাণী বলেন, নিয়ম মেনেই টেন্ডারের মাধ্যমে চারটি কাঁঠাল গাছ ও একটি শিশু গাছ বিক্রি করা হয়েছে। বাউন্ডারি নির্মাণে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি। তবে টেন্ডার সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি।৫ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে নেওয়া হয়েছে।এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন। সহকারী শিক্ষা কর্মকর্তার কাছ থেকে শুনেছেন, প্রায় এক বছর আগে নিয়ম মেনেই গাছ বিক্রি করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71