মতামত
রংপুরে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের একসঙ্গে এসএসসি অংশগ্রহণ, ইতিবাচক বার্তা
২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
রংপুরে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গড়েছেন এক অনন্য দৃষ্টান্ত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অগ্রযাত্রায় এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তারা অংশ নেন। টানা তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে এই পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের। শিক্ষার মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক বিভাগের ৯টি কেন্দ্রে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন।
পরীক্ষার্থী মোছাম্মৎ আনোয়ারা ইসলাম রানী বলেন,এটি শুধু একটি পরীক্ষা নয়, আমাদের অস্তিত্বের স্বীকৃতি। দীর্ঘদিন অবহেলার শিকার হলেও এখন আমরা সুযোগ পেয়েছি। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, সম্মানের সঙ্গে বাঁচতে চাই।”অন্যান্য পরীক্ষার্থীরাও জানান, সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।শিক্ষাবিদদের মতে, তৃতীয় লিঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্যোগে তাদের শিক্ষায় অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত হচ্ছে। এবারের অংশগ্রহণ সেই ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলভিত্তিক এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু হয়েছে। কোর্স ফি’র ৬০ শতাংশ মওকুফ করায় তাদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজ হয়েছে।পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মাহেদুল আলম বলেন, একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ সত্যিই ব্যতিক্রমী। তাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্ভয়ে পরীক্ষা দিতে পারেন।রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামি জানান, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যেন কোনো বৈষম্যের শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য।সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শুধু পরীক্ষায় অংশগ্রহণেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে সমতা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71