জাতীয়
লৌজংয়ে দেড় মাসেই স্থায়ী বাঁধে ধস, পদ্মাপাড়ে ফের আতঙ্করুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
প্রতিবছরের মতো-এবার ও পদ্মা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধের ব্লকে ধস শুরু দীর্ঘদিনের ভাঙন আতঙ্ক কাটাতে পদ্মার তীরে নির্মাণ করা হয়েছিল স্থায়ী নদী রক্ষা বাঁধ। নির্মাণের পর স্বপ্ন দেখেছিলেন নদীপাড়ের মানুষ এবার হয়তো আর হারাতে হবে না বসতভিটা, রক্ষা পাবে শেষ সম্বল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যেতে শুরু করেছে মাত্র দেড় মাসের মধ্যেই। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে নির্মিত নদী তীর রক্ষা বাঁধের একটি অংশ পদ্মার প্রবল স্রোতে ধসে পড়েছে। বাঁধের সিসি ব্লক একের পর এক সরে গিয়ে নদীগর্ভে বিলীন হওয়ায় নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মাপাড়ের ক্ষতিগ্রস্ত অংশের আশপাশের বসবাসকারী পরিবারগুলো রাত কাটাচ্ছেন উৎকণ্ঠায়। অনেকেই নিরাপত্তার কথা চিন্তা করে ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।
নদীপাড়ের বাসিন্দারা জানান, যে বাঁধকে ‘স্থায়ী সমাধান’ হিসেবে দেখানো হয়েছিল,সেটি নির্মাণের এত অল্প সময়ের মধ্যেই কেন এমন দুর্বল হয়ে পড়ল? কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা কাজের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তাদের, ফলে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছে অনেকে।
নদীর তীরের বাসিন্দা মহিদুল মাল-জানান, গত রোববার বিকেলে গাঁওদিয়া ইউনিয়নের বাজারের পশ্চিম পাশে নদী তীর রক্ষা বাঁধে হঠাৎ ধস দেখা দেয়। প্রথমে কয়েকটি সিসি ব্লক সরে গেলেও পরে দ্রুত বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। কোনো ধরনের বড় শব্দ বা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধের ব্লকগুলো পদ্মার স্রোতে তলিয়ে যেতে শুরু করে। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীপাড়ের কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো ভয়ে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে থাকেন।
তিনি আরো বলেন বিকেলে হঠাৎ দেখি বাঁধের ব্লক ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। রাতে আমরা আতঙ্কে ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছি না, কোথায় থাকবো। পদ্মার ভাঙনে লৌহজংয়ের এই অঞ্চলের মানুষ বহুবার সর্বস্ব হারিয়েছে। নদীর আগ্রাসনে বসতভিটা হারিয়ে নতুন জায়গায় আশ্রয় নেয়া অনেক পরিবারের কাছে এই বাঁধ ছিল নিরাপত্তার শেষ ভরসা।
ভুক্তভোগী তাহের মিয়া বলেন, ৩০ বছর আগে পদ্মার ভাঙনে সব হারিয়েছি ( দু বার)। বাঁধ হওয়ার পর মনে হয়েছিল এবার শান্তিতে ঘুমাতে পারব। কিন্তু দেড় মাসের মধ্যেই যদি বাঁধের এই অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাব ?
ভাঙনের খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত হয়ে ফাটল স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুতি নিয়েছেন।
মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, এখন ভয়ের কোনো কারণ নেই। খবর পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিমাপ করে ভাঙন প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। তবে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায়, স্রোতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ বেশি। নদীর তীরে মাটি সরে যাওয়ায় স্থায়ীভাবে ভাঙন দেখা দিয়েছে তাই জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেয়া হচ্ছে তবে স্থায়ী বাঁধের কাজের মান কিংবা নির্মাণে সঠিক নিয়ম মানা হয়েছে কিনা সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পটি অক্টোবর ২০২১ সাল থেকে সেপ্টেম্বর ২০২৫ মেয়াদকাল থাকলেও পরবর্তীতে মেয়াদকাল বাড়ানো হয়েছে। ৫২৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দে ৯ দশমিক ১০ কিলোমিটার নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজের ধীরগতি।
অন্যদিকে, মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়ন সহ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামে নতুন করে দেখা দিয়েছে ভাঙন ফলে সেখানেও নির্ঘুম রাত কাটছে অনেকের। এতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ ক্ষতিগ্রস্তদের।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি